ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ রাসেল
ওয়ান্ডারল্যান্ড পৌর শিশুপার্কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক তরুণ- তরুণীকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজুদুর রহমান এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজুদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অভিযোগ ছিল জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসক আজ রোববার বিষয়টি দেখতে আমাদের এখানে পাঠিয়েছেন। এখানে এসে আনসার সদস্যদের সহায়তায় শতাধিক তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা।