নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জাফরপুর হাদিয়াতুল ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার তিন ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে মাদ্রাসার সভাপতি গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ওই তিন ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। গত সোমবার সন্ধ্যায় তাঁরা একসঙ্গে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষ। নিখোঁজ ছাত্ররা হলো আব্দুর রউফ (১৪), ফয়সাল হোসেন (১২) ও আতিকুর রহমান (১৪)।
জানা যায়, নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রদের মধ্যে একজন ১৯ পারার হাফেজ। সে জাফরপুর হাজাম পাড়ার রাসেল জোয়ার্দ্দারের ছেলে আব্দুর রউফ। অপর দুজন হলো একই এলাকার জোয়ার্দ্দার পাড়ার পলাশ হোসেনের ছেলে আতিকুর রহমান, সে ১ পারার হাফেজ এবং নাজেরা বিভাগের ছাত্র জোয়ার্দ্দার পাড়ার বিল্লাল জোয়ার্দ্দারের ছেলে ফয়সাল আহম্মেদ। গত সোমবার মাগরিবের নামাজের সময় একটি ব্যাগে জামা-কাপড় নিয়ে একসঙ্গে পালিয়ে যায় ওই তিন মাদ্রাসাছাত্র। নামাজ শেষ হলে তাদের খুঁজে না পেয়ে বিষয়টি ওই তিন ছাত্রের পরিবারকে জানান মাদ্রাসার শিক্ষকেরা। পরে ওই তিন ছাত্রের পরিবারসহ মাদ্রাসা কর্তৃপক্ষ একসঙ্গে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাদের। এ ঘটনায় গতকাল রাত নয়টার দিকে মাদ্রাসার সভাপতি মামুন অর রশিদ আঙ্গুর বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ওই ছাত্রদের মধ্যে ১৯ পারার হাফেজ আব্দুর রউফ দুই বছর আগেও মাদ্রাসার অপর দুই ছাত্রের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সে সময় রাত দুইটার পর টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।