নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় পাচারের সময় ২২৮ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে মোটরযান অভিযানের সময় তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ২২৮ বোতল ভারতীয় ফেনসিডিল। আটককৃতরা হলেন-দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে মামুন হোসেন (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২০)।
পুলিশ জানায়, দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে নিয়মিত মোটরযান অভিযান চালানো হয়। এসময় আলমডাঙ্গাগামী একটি ইটভাঙা গাড়ি (শ্যালো চালিত) তল্লাশি করে পুলিশ। পরে গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গাড়ির চালক ও সহযোগীকে। তারা ফেনসিডিলগুলো কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ। চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) শাহাবুদ্দিন মোল্লা জানান, আটককৃত আসামী ও ফেনসিডিল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।