দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক (ছবি : দৈনিক জাগো দেশ)
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের আরও দুই যাত্রী। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দর্শনা হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মিরাজ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে দামুড়হুদার দর্শনা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিল। এ সময় দর্শনা রেলগেইট এলাকায় পৌঁছালে পেছন দিকে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইক চালক ও যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে অন্য আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে মাদ্রাসাছাত্রী সাদিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে, ট্রাকটি আটকের চেষ্টা চলছে।