নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শফিকুল ইসলাম শফিকে কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন করেছে আইনজীবীরা। সোমবার সকালে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় সড়ক অবরোধ করে হামলার প্রতিবাদ জানায় তারা। প্রায় আধাঘন্টা বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গা-জীবনগর সড়কের সবধরনের যানবাহন চলাচল। মানববন্ধনে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আলমগীর হোসেন, শাহজাহান মুকুল, সেলিম উদ্দীন খাঁন ও আবু তালেব বিশ্বাস প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামীলীগ নেতা ও জেষ্ঠ্য আইনজীবী শফিকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনা তাদেরকে ভাবিয়ে তুলছে। এখনো পর্যন্ত প্রকৃত আসামীদেরকে গ্রেফতার করা হয়নি অভিযোগ করে অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান তারা। একই সাথে প্রকৃত আসামীদেরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। আসামীদের পক্ষে কোন আইনজীবী আইনি সহায়তা দিবে না বলেও মানববন্ধনে ঘোষণা আসে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে শহরের রেলবাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় আওয়ামীলীগ নেতা ও আইনজীবী শফিকুল ইসলাম শফিকে। এ ঘটনায় গত রোববার রাতে শফির স্ত্রী শাহিদা খাতুন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় এজাহারনামীয় তিনজনসহ মোট জনকে আটক করেছে পুলিশ।