নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় নিয়ে চূড়ান্তপর্ব অর্থাৎ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব। গতকাল রোববার বিকেল চারটায় সেমিফাইনাল পর্বের খেলায় তাঁরা বাগেরহাট জেলা একাদশ দলের মুখোমুখি হয়।
স্থানীয় নলডাঙ্গা সরকারি ভুষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাগেরহাটকে ১-০ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে শুভ সকাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। নির্ধারিত সময়ের ৬৫ মিনিটের মাথায় দলের হয়ে একমাত্র গোলটি করেন আক্রমণ ভাগের খেলোয়াড় সাব্বির। টিম ম্যানেজার অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম ও কোচ মিলন বিশ্বাসের নেতৃত্বাধীন শুভ সকাল স্পোর্টিং ক্লাব দলের দারুণ জয়ে উচ্ছ্বসিত চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল ম্যাচে বিজয়ী হতে খেলোয়াড়দের পরামর্শ ও শুভ কামনা জানিয়েছেন। সেমিফাইনালে শুভ সকাল স্পোর্টিং ক্লাবের মিঠুকে রক্ষণভাগে রেখে দলনায়কের দায়িত্ব পালন করেছেন বিপ্পা। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামেন ওয়াসিম, জংসন (অতিথি), তরিকুল, দর্পণ, সাব্বির, আক্তার বাবু, খোকাবাবু, আশরাফুল, আব্বাস (অতিথি), সৈকত ও রাজন। অফিসিয়াল দায়িত্বে ছিলেন রাজু আহমেদ সুমন (কোষাধ্যক্ষ), মেজ সুমন, রাজু, সাকিল, রমজান ও প্রশান্ত।