স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের পটিয়ায় বাসায় ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগে কামরুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোবিন্দরখীল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল পিরোজপুরের জিয়ানগর উপজেলার সুলতান ফকিরের ছেলে। তিনি পটিয়া পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের আল্লাই মোহম্মদীয়া মাদরাসার শিক্ষক। ভুক্তভোগী ছাত্রের বাবা বলেন, রোববার রাতে পটিয়া স্টেশন রোড থেকে বাড়ি ফেরার পথে আমার ছেলেকে নিজের বাসায় ডেকে নেন শিক্ষক কামরুল। সেখানে তিনি তাকে বলাৎকার করেন। বিষয়টি কাউকে না জানাতে তার হাতে পিঁয়াজু ধরিয়ে দেন। তিনি বলেন, ছেলে রাতে বাসায় ফিরে বিষয়টি তার মাকে জানালে আমরা শিক্ষক কামরুলের বাসা খুঁজে বের করি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ধরে পুলিশকে খবর দেই। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা করা হবে।