পাবনা প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে ভ্রমরের কামড়ে এক চাতাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিনি মারা যান। মৃত আস্তব আলী ঈশ্বরদী উপজেলার জয়নগর শিমুলতলা এলাকার মহির উদ্দিনের ছেলে। স্বজনরা জানান, আস্তব আলীর বাড়িতে ভ্রমরের বড় চাক ছিল। ১৩ সেপ্টেম্বর তিনি নিজেই ভ্রমরের চাক ভাঙতে যান। এ সময় আস্তব আলীর শরীরে ভ্রমর কামড় দেয়। এতে বিষক্রিয়া শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে সোমবার সকালে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। এরপর তিনি বাড়িতে চলে আসেন। সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।