মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত এক যুবককে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে সৌদি ফেরত ওই যুবক মেহেরপুর জেনারেল হাসপাতালে ঠাণ্ডা ও জ্বর নিয়ে ভর্তি হয়। সেখানে করোনা আইসোলেশন ইউনিটের একটিড় কক্ষে রেখে তার চিকিৎসা দেওয়ার কথা বললে
রোগীর স্বজনরা রেফার্ড করে রাতেই তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়। প্রবাস ফেরত যুবকের নাম তানভির আহমেদ (২৬)। তানভির আহমেদ মেহেরপুর পৌর এলাকার শেখ পাড়ার আব্দুস কুদ্দুসের ছেলে। সে চার দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানান তার প্রতিবেশীরা। মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা মখলেছুর রহমান জানান, তানভির নামের ওই যুবক ঠাণ্ডা ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু এক সপ্তাহ আগে সৌদি আরব থাকা অবস্থায় তার ট্রাভেলিং একটা হিস্টোরি আছে। এজন্য আমরা তাকে করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়ার কথা জানায়। পরে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে তাকে রেফার্ড করে ঢাকায় নিয়ে যায়।