নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও
আওয়ামী লীগ নেতা বদর খন্দকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল-কালনা সড়কের টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইউনিয়নবাসীর আয়োজনে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন নিহতের স্ত্রী নাজনীন বেগম, বড় ভাই বাবর খন্দকার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সহ অনেকে।
বদর খন্দকারকে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নিজ ইটভাটা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরবার পথে ৯৫ নং টিচরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেবার পথে তার মৃত্যু হয়।

এ খুনের ঘটনায় নিহত বদর খন্দকারের স্ত্রী নাজনীন বেগম বাদি হয়ে লোহাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিকদার নজরুল ইসলাম, লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ
আল আজাদ সুজন সহ ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে ২৫ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন কুমার দেবদাস জানান, খুনের সাথে সম্পৃক্ততার অভিযোগে এ পর্যন্ত
পাঁচজনকে গ্রেফতার করেছে। নিহত বদর খন্দকারের ভাই বাবর খন্দকার জানান, বিগত ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত, এলাকায় আধিপত্য বিস্তার, চলমান রেল লাইন প্রকল্পের কাজে ও বালুমহলে চাঁদাবাজির প্রতিবাদ
করায় মোঃ বদর খন্দকারকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা।