দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদায় ৩ শ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মিজানুর রহমান আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের মৃত হাবিবার মালিতার ছেলে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে দামুড়হুদার পুড়াপাড়া থেকে তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি মাদক নিয়ে চুয়াডাঙ্গার
দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রাম প্রাসাদ ফোর্স নিয়ে দামুড়হুদা-চুয়াডাঙ্গা মহসড়কের দামুড়হুদার পুড়াপাড়া নামক স্থানে চুয়াডাঙ্গাগামী একটি ইজিবাইক থেকে মিজানুর রহমানকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেট থেকে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা মডের থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।