চলমান লকডাউনে অনুমতি না পেলে নিজেরাই মার্কেটের দোকানপাট খুলে দেবেন বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ শহের বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটের দোকান খোলার দাবিতে মানববন্ধন করে এমন হুশিয়ারি দেন তারা।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহরের বেশ কয়েকটি মার্কেটের দোকান মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট চালুর দাবি জানালেও ওই কমসূচিতে অংশ নেয়া মালিক-শ্রমিকরাই স্বাস্থ্যবিধি মানেননি। সামাজিক দূরত্বের বালাই যেমন ছিল না, তেমনি বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। এমনকি মানববন্ধন শেষে তারা লকডাউনের মধ্যেই বিক্ষোভ মিছিল করেছেন।
এদিকে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছিল কিনা- এমন প্রশ্নে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শাহ জামান প্রথমে বিস্ময় প্রকাশ করে বলেন, পুলিশ কেন বাধা দেবে?
কিন্তু লকডাউনের মধ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার বিধি রয়েছে কিনা- জানতে চাইলে পরক্ষণেই ওসি বলেন, আমরা বাধা দিলেও তারা শোনেননি।
অনুষ্ঠিত মানববন্ধনে নারায়ণগঞ্জ দোকান মালিক-শ্রমিকদের সমন্বয়ক আরিফ দিপু বলেন, আজকে যে সময় আমাদের দোকানে কাজ করার কথা, সেখানে রাস্তায় নামতে হচ্ছে। বিভিন্ন গার্মেন্টস, কল-কারখানায় আর্থিক অনুদান দেওয়া হলেও আমাদের কোনো অনুদান, কোনো প্রণোদনা দেওয়া হয়নি। আমরা আমাদের কর্মচারীদের বেতন দিতে পারিনি। জেলা প্রশাসকের কাছে আমাদের শ্রমিকদের ভোটার আইডি কার্ড পর্যন্ত আমরা জমা দিয়েছি। কিন্তু আমাদের কোনো সাহায্য করা হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, দুই দিন পরে যে সরকারি প্রজ্ঞাপন জারি হবে তখন যদি দোকান খুলতে দেওয়া না হয় তখন আমরা নিজ দায়িত্বে সারা দেশে দোকান খুলব।
মানববন্ধন শেষে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি নারায়ণগঞ্জ শররের দুই নম্বর রেলগেট ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে নানা ধরনের সরকারবিরোধী স্লোগানও দেয়া হয়