স্টাফ রিপোর্টারঃ আজ সোমবার (২৭ জুলাই) কোরবানির পশুর চামড়া যথাযথভাবে পৃথকীকরণ এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণের পদ্ধতি সংশ্লিষ্টদের অবহিতকরণের লক্ষ্যে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
প্রধান অতিথি চামড়া শিল্পকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি অভিহিত করে তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, কোরবানির সময়কালে প্রাপ্ত চামড়া যথাযথভাবে সংরক্ষণের মাধ্যমে চামড়া শিল্পে উন্নতমানের কাঁচামাল সরবরাহ সম্ভব হবে।এসময় আরো বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, যুব উন্নয়ন অফিসার জাকির হোসেন মোল্লা, প্রাণী সম্পদ অফিসার আজহারুল আলমসহ আরো অনেকে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ প্রশিক্ষণ গ্রহণ করেন।