জাগো দেশ,প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে ছেলে ধরা গুজবে যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিভিন্ন গুজবের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাইকিং বের করে। সোমবার রাতে শহরের বেশ কয়েকটি সড়কে মাইকিং করে তারা। গুজব থেকে সাধারণ জনসাধারণকে সচেতন করতে এবং মানুষের মাঝে ভীতি দূর করতে এই মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে বলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান।
পুলিশ সুপার জানান, দেশের বিভিন্ন জেলাতে ছেলেধরা সন্দেহে চাঞ্চল্যকর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কাজে লাগিয়ে এক শ্রেণির মানুষ দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। যার ফলে মানুষের মাঝে ভীতি ছড়াচ্ছে তারা। যদিও চুয়াডাঙ্গাতে এখনও পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি তবুও জনগণকে জেলা পুলিশের আয়োজনে আগাম মাইকিং এর মাধ্যমে গুজবের কথায় কান না দিতে সচেতন থাকতে বলা হয়েছে। এদিকে কয়েকদিনের মধ্যে কাগজের লিফলেট সহ বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে ছেলেধরা গুজবের বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতায় কাজ করবে জেলা পুলিশ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।